ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ

প্রকাশিতঃ মে ২৫, ২০২৬ | ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ভেড়ামারা প্রতিনিধ :কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ সোমবার আনুমানিক বেলা ১২টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ দাগ এলাকার পুরাতন ফেরিঘাট সংলগ্ন জিকে পাম্প হাউজ এলাকায় এ অভিযান চালানো হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ্ সেতু এবং কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মাত্র এক কিলোমিটারের মধ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন করে আসছিল। গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলোর নিরাপত্তা ও নদীর তলদেশ রক্ষায় আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার,নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্সের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখান থেকে বালু বোঝাই ১টি স্টেয়ারিং ট্রলি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।জব্দকৃত ট্রলি ও অন্যান্য মালামাল বর্তমানে ভেড়ামারা থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।