ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত; কনের পিতার অর্থদন্ড

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামে এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জগশ্বর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম তার ১৪ বছর বয়সী নাবালিকা কন্যা জেরিন আক্তারের বাল্যবিবাহের আয়োজন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে কন্যার পিতা আমিরুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে উক্ত বাল্যবিবাহ আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তা বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সঙ্গীও ফোর্স হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এই ধরণের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।