কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল (Kushtia Economic Zone)-এর অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় ভেড়ামারা সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের জন্য নির্ধারিত খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তরও করা হয়েছে। প্রায় ৪২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী বলেন, পদ্মা নদীর তীরবর্তী অবস্থান, হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ সুবিধা এবং বিদ্যুৎকেন্দ্রের অবস্থানের কারণে ভেড়ামারা শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, পাবনাসহ আশপাশের অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
এসএস আল হুসাইন সোহাগ বলেন, অর্থনৈতিক অঞ্চলের সীমানাপ্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকাজ দ্রুত শুরু এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ কার্যক্রম উন্মুক্ত করার দাবি এ অঞ্চলের মানুষের। এটি বাস্তবায়ন হলে বেকারত্ব সমস্যা দুর সহ এ এলাকায় অর্থনৈতিক উন্নতি হবে।
সমাবেশ ও স্মারকলিপি প্রদান সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু,
উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ, সাবেক কাউন্সিলর খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।।